বালুরঘাট, ৬ মার্চ —-পার্কিং জোন রয়েছে, কিন্তু সেখানে গাড়ি নেই। আর শহরের রাস্তায়—যত্রতত্র দাঁড়িয়ে থাকা গাড়ির সারি। প্রশাসনিক উদাসীনতার জেরে কার্যত অবৈধ পার্কিংয়ের দখলে চলে যাচ্ছে বালুরঘাট শহর। প্রতিদিন বাজারের ব্যস্ত সময়ে তীব্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। অথচ শহরের জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় তৈরি পুরসভার পার্কিং জোনটি প্রায় তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে।
শহরের তহবাজার, ডানলপ মোড়, বুড়ি কালীমন্দির চত্বর কিংবা নিউমার্কেট—এই সব ব্যস্ত এলাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু যানবাহনের চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ছিল না। সেই সমস্যা মেটাতেই ২০২৩ সালের ১৭ অক্টোবর জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় একটি নির্দিষ্ট পার্কিং জোন চালু করেছিল বালুরঘাট পুরসভা।
প্রথম দিকে কিছুটা সাড়া মিললেও পরে সেই উদ্যোগ কার্যত মুখ থুবড়ে পড়ে। অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় বাজারের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ পার্কিং। রাস্তার ধারে কিংবা মোড়ের মুখেই দাঁড়িয়ে থাকছে গাড়ি, অটো ও টোটো। ফলে ব্যস্ত সময়ে মুহূর্তে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
শহরবাসীর প্রশ্ন, যখন পুরসভার তৈরি নির্দিষ্ট পার্কিং জোন রয়েছে, তখন রাস্তাজুড়ে অবৈধ পার্কিং চলতে পারে কীভাবে? কেনই বা এতদিন ধরে এই পরিস্থিতি দেখেও কার্যত নীরব রয়েছে প্রশাসন?
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ ও পুরপ্রশাসনের নজরদারির অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তায় নিয়ম ভাঙলেও অনেক সময়ই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিনদিন বেড়েই চলেছে এই প্রবণতা।
যদিও সেই অভিযোগ উড়িয়ে দিচ্ছে না পুরসভা। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিত সাহা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। শুধু অবৈধ পার্কিং নয়, অনেক জায়গায় রাস্তা দখল করে দোকানও বসেছে। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই অভিযান শুরু করা হবে। অবৈধ পার্কিং বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে শহরবাসীর একাংশের কটাক্ষ—আশ্বাসের ঘুরপাক বহুবার শুনেছে এই শহর। এখন দেখার, প্রশাসন সত্যিই রাস্তায় নামে, নাকি যানজটের দমবন্ধ ফাঁদেই আটকে থাকে বালুরঘাট।

