“অর্পিতা জিতলেই মেডিকেল কলেজ”—বালুরঘাটে অভিষেকের বড় প্রতিশ্রুতি, সভায় হাততালির ঝড়

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রাজ্য

বালুরঘাট, ৩১ মার্চ —- নির্বাচনী মঞ্চ থেকেই বড়সড় উন্নয়নের টোপ। অর্পিতা ঘোষকে জিতিয়ে আনলেই বালুরঘাটে হবে মেডিকেল কলেজ—মঙ্গলবার টাউনক্লাব মাঠের জনসভা থেকে এমনই জোরালো প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তপন ও বালুরঘাটের তৃণমূল প্রার্থীদের সমর্থনে হেলিকপ্টারে এসে সভামঞ্চে উঠেই আক্রমণাত্মক সুরে বিজেপি সাংসদ তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা করেন তিনি। উন্নয়ন ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “বালুরঘাটে মেডিকেল কলেজের দাবি নতুন নয়। ২০১৬ সালে প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা পূরণ হয়নি।”
এরপরই ভোটের সমীকরণ টেনে তিনি বার্তা দেন, “উন্নয়ন আটকে গেছে ভুল সিদ্ধান্তে। এবার তৃণমূলকে জেতান, ৬-০ করতে হবে।” অর্পিতা ঘোষকে জেতানোর আবেদন জানিয়ে তাঁর স্পষ্ট ঘোষণা—“অর্পিতা জিতলেই বালুরঘাটে মেডিকেল কলেজ হবে। আমি কথা দিলে কথা রাখি।”
সভামঞ্চে তাঁর এই ঘোষণায় উপস্থিত সমর্থকদের মধ্যে হাততালির ঝড় ওঠে। শুধু মেডিকেল কলেজই নয়, আরও উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি বলেন জেলার কৃষকদের দাবি মেনে ছ’মাসের মধ্যেই জেলায় তৈরি হবে দু’টি বড় কোল্ড স্টোরেজ।
অভিষেক আরও বলেন, “আমার নিজের সংসদীয় কেন্দ্রে যেমন কাজ হয়েছে, তেমনই কাজ হবে বালুরঘাটেও। তাঁর এই বার্তাকে ঘিরে নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল দক্ষিণ দিনাজপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *