বালুরঘাট ও গঙ্গারামপুর ৬ ফেব্রুয়ারী ——– আদালতের মধ্যে নাবালিকার শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনায় বুনিয়াদপুরের সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার ধৃত ওই আইনজীবীকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ২০ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও আদালত সুত্রের খবর অনুযায়ী, প্রায় মাস তিনেক আগে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা অপহৃত হয়েছিল। অভিযোগ সেই মামলায় গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র ওই নাবালিকাকে তার দরজা বন্ধ চেম্বারে ডেকে নিয়ে যায়। যেখানেই তার গোপন জবানবন্দি নেবার নাম করে ধর্ষণ ও শ্লীলতাহানি চালায় বলে অভিযোগ। এরপরেই ওই নাবালিকা পুরো ঘটনা জানিয়ে দেয় তার পরিবারের লোকজনকে। যা নিয়েই ওই নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হলে বংশীহারি থানার পুলিশ প্রতুল মৈত্রকে গ্রেফতার করে। যার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির পক্সো ও পোয়া আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করে পুলিশ। যে ঘটনায় ধৃত ওই সরকারী আইনজীবী কে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। মঙ্গলবার ফের তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন, পক্সো ও পোয়া আইন সহ বেশকিছু ধারায় মামলা রয়েছে প্রতুল মৈত্রের বিরুদ্ধে। এদিন তার জামিনের আবেদন খারিজ করে এডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন জাজ (স্পেশাল কোর্ট ) এর বিচারক ২০ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

