ইসলামপুর;— বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার করলেন অভিনেতা তথা সাংসদ দেব। সোমবার ইসলামপুরের স্টেট ফার্ম কলোনি মাঠে হেলিকপ্টারে নামেন তিনি। সেখান থেকে ইসলামপুর কলেজ মোড় থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে সঙ্গে নিয়ে শহরের মূল রাস্তা ধরে একটি বিশাল রোড শো করেন।
দেবকে এক নজর দেখার জন্য ইসলামপুর শহরের প্রধান রাস্তার দুই ধারে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয় শহর জুড়ে। রোড শো ঘিরে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল।
ইসলামপুরে রোড শো শেষ করে পরে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের কানকি এলাকায় জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনাজ আরফিন আজাদের সমর্থনে আরেকটি রোড শো করার কথা রয়েছে দেবের। এরপর করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পালের সমর্থনে ডালখোলায় একটি জনসভাতেও যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে শুভঙ্কর আচার্য রিপোর্ট

