এক ধাক্কায় উধাও প্রায় এক লক্ষ ভোটার! দক্ষিণ দিনাজপুরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ঘিরে তীব্র চাঞ্চল্য

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারী –—দক্ষিণ দিনাজপুর জেলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক মহলে তৈরি হল তীব্র আলোড়ন। শনিবার জেলা শাসকের দফতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের হাতে নতুন তালিকা তুলে দেওয়া মাত্রই শুরু হয় জোর বিতর্ক। নতুন তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩২ হাজার ৬৫ জন— যা আগের তালিকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
প্রকাশিত পরিসংখ্যান বলছে, বর্তমান তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ লক্ষ ৩৪ হাজার ৬৭০ জন, মহিলা ভোটার ৫ লক্ষ ৯৭ হাজার ৩৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন। অথচ এসআইআর প্রক্রিয়ার আগে জেলার মোট ভোটার সংখ্যা ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮। অর্থাৎ এক ধাক্কায় প্রায় এক লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তালিকায় অন্তর্ভুক্ত ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন ভোটারের নথি পুনরায় যাচাই করবেন হাইকোর্ট নিযুক্ত ১২ জন বিচারক। যাচাই প্রক্রিয়ার পর আরও নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকায় ভবিষ্যতে ভোটার সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে মৃত বা অন্যত্র স্থানান্তরের কারণে ৮০ হাজারের বেশি নাম বাদ গিয়েছিল। এবারে নতুন করে বাদ পড়েছে আরও ২১ হাজার ৮০৩ জনের নাম। সব মিলিয়ে প্রায় এক লক্ষ ভোটারের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোর ইতিমধ্যেই শুরু হয়েছে।
তবে জেলা শাসক জানিয়েছেন, নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া এখনও চালু রয়েছে এবং প্রার্থীপদ প্রত্যাহারের দিন পর্যন্ত তা চলবে। নির্বাচন ঘনিয়ে আসতেই ভোটার তালিকা ঘিরে উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *