পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ নভেম্বর ———– কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গড়ে আবারো প্রশ্নের মুখে পড়লো রেলযাত্রী সুরক্ষা! বুধবার রাতে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনাকে ঘিরেই শুরু হয় তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি। গঙ্গারামপুর স্টেশনে ঢোকার আগেই এসি কোচ কালো ধোঁয়ায় ভরে যায়। আচমকা ধোঁয়া দেখে আতঙ্কে দিশাহীন হয়ে পড়েন যাত্রীরা। কেউ শ্বাসকষ্টে ভুগতে থাকেন, কেউ আবার বিপদের ভয়ে কামরা থেকে নামার চেষ্টা করেন। আর যাকে ঘিরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে রেলপুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে আনে আগুন।
যাত্রীদের অভিযোগ, ট্রেনটি হাওড়া থেকে বালুরঘাটে ঢোকার মুখেও একই ঘটনা ঘটেছিল। তা সত্ত্বেও কেন রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। শুধু তাই নয়, মাত্র দু’দিন আগেই তেভাগা এক্সপ্রেসে হাইভোল্টেজ বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তার পর এসি কোচে এমন ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। যদিও এনিয়ে রেলের দাবি, ব্রেক জ্যামের কারণে এসি কোচে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। তবে যাত্রীরা রেলের দেওয়া এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন। তাদের মতে, রেলের উদাসীনতার কারণেই একের পর এক এমন দুর্ঘটনা ঘটছে। যা নিয়েই যাত্রীরা এদিন ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—কেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিজের এলাকাতেই বারবার এমন ঘটনা ঘটছে ? অনেকে বলছেন, রেলের এই গাফিলতি ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে।
রেলযাত্রী দৃষ্টিদীপ বসু বলেন, পরিবার নিয়ে হাওড়া গামী ওই ট্রেনের এসি কোচে বসেছিলেন। আচমকা ধোঁয়ায় ভর্তি হয় গোটা কোচ। যাকে কেন্দ্র করে সকলের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যদিও পরে রেলপুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। পুরনো কোচ গুলিতে রেলের পরিস্কার পরিচ্ছন্নতা বা মেইনটেইন কিছুই নেই। যার কারনে রেলযাত্রীরা বারবার এমন হেনস্থার শিকার হচ্ছেন। বিষয়টি রেলকতৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এঘটনা নিয়ে রেলকতৃপক্ষের গাফিলতিকে সামনে এনেছেন রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিশ্বর রায়ও। তিনি বলেন, বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন। একাধিকবার এনিয়ে সরব হবার পরেও তাদের সেভাবে সক্রিয়তা লক্ষ্য করা যায়নি। যাত্রী সুরক্ষার স্বার্থে এরপরে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবেন।

