বালুরঘাট, ২৭ অক্টোবর ——- বালুরঘাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খাসতালুকে বড়সড় ভাঙনের মুখে গেরুয়া শিবির। রবিবার বিকেলে শহরের নাট্যমন্দিরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে একে একে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন যুবক-যুবতী। যাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বালুরঘাট শহরজুড়ে। জেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকলেও দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের জনপ্রিয়তা যে আরও শক্তিশালী হচ্ছে, তা যেন স্পষ্ট হয়েছে এদিনের এই ঘটনায়। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেত্রী জয়া দত্তের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক কর্মী-সমর্থকরা। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ অনান্য জেলা তৃণমূল নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরও সংবর্ধনা দিয়েছে তৃণমূল নেতৃত্বরা, যা এই যোগদান উৎসবকে আরও রঙিন করে তোলে।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূলের শক্তিকে আরো বহুগুণ বাড়িয়ে তুলবে। আর একে কেন্দ্র করেই বিজেপি তৃণমূলের প্রতি উষ্মা প্রকাশ করে বলে, এই দলবদল নিতান্তই তৃণমূলের প্রচার কৌশল। তৃণমূলের অভিযোগগুলো ভিত্তিহীন বলেও দাবি করেছে বিজেপি নেতৃত্ব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির হাত ছেড়ে তৃণমূলে যোগদানের এই প্রবণতা ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে।
বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন, ভোটের সময় নানা প্রলোভনে মানুষ বিজেপিতে গেলেও সেসব ভুল বুঝতে পেরে বিজেপি ছাড়ার হিড়িক লেগে গেছে।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, বিজয়া সম্মিলনীতে এত মানুষের উপস্থিতিই বলে দিচ্ছে আগামীতে এই আসন তৃণমূলের পক্ষেই আসতে চলেছে।

