গঙ্গারামপুর বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিশাল মিছিলে অংশগ্রহণ করে বালুরঘাটে নমিনেশন জমা তৃণমূল প্রার্থী গৌতম দাসের, হাজির প্রশান্ত সহ অনেকেই

কলকাতা দক্ষিণবঙ্গ বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ৪ এপ্রিল, দক্ষিণ দিনাজপুর:—-  গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের নমিনেশন জমা ঘিরে শনিবার বালুরঘাটে দেখা গেল নজিরবিহীন জনসমাগম। হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় মিছিল, যা শহরের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করে।
এদিন সকাল থেকেই গঙ্গারামপুর শহর ও আশপাশের বিধানসভা এলাকা থেকে প্রায় ৩৫০টিরও বেশি গাড়িতে করে কর্মী-সমর্থকেরা বালুরঘাটের দিশারী মাঠে জমায়েত হন। সেখানে জড়ো হওয়ার পর শুরু হয় বিশাল মিছিল, যা বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যায়। মিছিলের চাপে শহরের বহু অংশে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়ে।
মিছিলে সামনের সারিতে হাঁটতে দেখা যায় প্রার্থী গৌতম দাসকে। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রশান্ত মিত্র এবং অন্যান্য জেলা নেতৃত্ব।
বিশেষভাবে উল্লেখযোগ্য, গঙ্গারামপুর পুরসভার ১৮টি ওয়ার্ড থেকেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন। পাশাপাশি গোটা বিধানসভা এলাকা থেকেও হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।
নমিনেশন জমা দেওয়ার পর প্রার্থী গৌতম দাস বলেন,“গঙ্গারামপুর শহরসহ গোটা বিধানসভা এলাকার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং মিছিলে অংশ নিয়েছেন, তাতে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা।”
একই সুর শোনা যায় প্রশান্ত মিত্রের গলাতেও। তিনি বলেন,“মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমরা জয়ের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী।”
সামগ্রিকভাবে, এদিনের বিশাল জমায়েত এবং মিছিল গঙ্গারামপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *