বালুরঘাট, ১২ এপ্রিল —– দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে রবিবার যেন উৎসবের আবহ। ছুটির দিনেও খুলল স্কুল, আর অন্যদিকে অভিনেতা-তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের রোড-শো ঘিরে উপচে পড়ল জনসমুদ্র। তৃণমূল প্রার্থী তোরাব হোসেন মন্ডলের সমর্থনে এই প্রচারসভা কার্যত মেলায় পরিণত হয়।
দুপুর গড়াতেই চকরামরার মাঠে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে দেবের হেলিকপ্টার নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। প্রখর রোদ ও তীব্র গরমকেও উপেক্ষা করে ভক্তদের সেই অপেক্ষা যেন আরও উন্মাদনায় রূপ নেয়।
এরপর হুডখোলা গাড়িতে চেপে চকরামরার মাঠ থেকে কুমারগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত রোড-শো করেন দেব। হাত নেড়ে, জোড়হাতে নমস্কার জানিয়ে ভোটের আবেদন—সব মিলিয়ে মুহূর্তে জমে ওঠে জনসংযোগ। বাড়ির গণ্ডি পেরিয়ে মহিলাদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। কারও হাতে গোলাপ, কারও হাতে প্ল্যাকার্ড—“শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
ভিড় এতটাই বেড়ে যায় যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা কুমারগঞ্জ ব্লক। রাস্তায় মানুষের ঢল সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকেও।
তবে এই উন্মাদনার মাঝেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে গোপালগঞ্জ হাইস্কুল। ছুটির দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ, সভায় ভিড় বাড়াতে পরিকল্পিতভাবে স্কুল খোলা রাখা হয়েছে।
যদিও সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রমোহন পাল। তাঁর দাবি, আসন্ন নির্বাচনের জন্য স্কুল ব্যবহারের প্রস্তুতি চলছে। সেই কারণেই অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ছুটির দিনে পরীক্ষার আয়োজন করা হয়। দিনভর দু’দফায় পরীক্ষা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সব মিলিয়ে কুমারগঞ্জে দেবের রোড-শো যেমন জনজোয়ারে ভেসেছে, তেমনই তার ছায়ায় তৈরি হয়েছে এক নতুন বিতর্কও।

