বালুরঘাট, ২৭ মার্চ ——–—– জোটের জটে বালুরঘাট লোকসভা কেন্দ্র! আলাদা প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক বৈঠক কংগ্রেসের। সুর নরম আর এস পি দলের। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস ভবনে জোটের বিরোধিতা করে জেলা কংগ্রেস নেতৃত্বদের এমন সাংবাদিক বৈঠক লোকসভা নির্বাচনের প্রাক্কালে যথেষ্টই আলোড়ন ফেলেছে গোটা জেলা জুড়ে। আর যাকে ঘিরেই কার্যত ঘরে-বাইরে চাপে এই কেন্দ্রের আরএসপি প্রার্থী। যদিও আরএসপি নেতৃত্বদের দাবি, বামফ্রন্টের সাথে কংগ্রেসের আলোচনা চলছে। এরপরে কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দিলে তাদের আর কিছু করার নেই।
ইন্ডিয়া জোট নিয়ে প্রথম থেকেই বিজেপির দাবি ছিল ওটা ঘোট হয়েছে। এবারে বিজেপির সেই দাবিকে কার্যত সিলমোহর দিল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন দুপুরে জেলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে বালুরঘাট কেন্দ্র থেকে আলাদাভাবে প্রার্থী দেওয়ার দাবি তোলে জেলা কংগ্রেস। তাদের দাবি, জোট নিয়ে সিপিএমের সাথে আলাদাভাবে কথা হলেও বামফ্রন্ট গত ভাবে তাদের সাথে কোন আলোচনাই হয়নি। তাই বালুরঘাট কেন্দ্রের আর এসপি প্রার্থীকে কোনভাবেই তারা জোটের প্রার্থী হিসাবে মানেন না। ঘটনা জানিয়ে ঊর্ধ্বতন নেতৃত্বকে ফ্যাক্স বার্তাও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা। লোকসভা নির্বাচনের একেবারে প্রাক মুহুর্তে জোটের বিরোধিতা করে আর এসপির বিরুদ্ধে খোদ কংগ্রেস নেতৃত্বর এমন গর্জে ওঠার ঘটনা নিয়ে বালুরঘাট কেন্দ্রে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বামফ্রন্টের এই মেজো শরিক। এর আগে শহরে ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস কোথায় ? ভোটারদের এমন প্রশ্নের মুখেও পড়েছিলেন আর এসপি প্রার্থী। এবারে খোদ কংগ্রেস দলই জোটের প্রার্থী হিসাবে এই কেন্দ্রে আর এসপি কে মানতে চাইছেন না। এদিন যে ঘটনা প্রকাশ্যে আসতেই জোট নিয়ে কিছুটা মুচকি হেসেছেন বিজেপি ও তৃণমূল নেতৃত্বরা।
কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রতন কুমার সরকার বলেন, জোট নিয়ে সিপিএমের সাথে কংগ্রেসের আলোচনা হয়েছে। কিন্তু বামফ্রন্ট গত ভাবে কোন আলোচনা তাদের সাথে হয়নি। তাই বালুরঘাট কেন্দ্রে আর এসপির প্রার্থীকে জোটের প্রার্থী হিসেবে তারা মানেন না। কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে বালুরঘাট কেন্দ্রে আলাদা করে কংগ্রেসের প্রার্থী দেবার দাবি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।
আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, বামফ্রন্টের সাথে কংগ্রেসের আলোচনা চলছে। এরপরেও বালুরঘাট কেন্দ্রে কংগ্রেস আলাদা করে প্রার্থী দিলে তাদের করবার কিছু নেই।

