দমকা হাওয়াতেই উড়ে গেল অমৃতভারত-এর মুখোশ! বালুরঘাট স্টেশনে নতুন সিলিং খসে, দুর্নীতির অভিযোগে তপ্ত রাজনীতি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

বালুরঘাট, ১৩ মার্চ — এক রাতের দমকা হাওয়াতেই খুলে পড়ল সদ্য তৈরি ফলস সিলিং। আর তাতেই ‘অমৃত ভারত’ প্রকল্পে সাজতে থাকা বালুরঘাট রেলস্টেশনকে ঘিরে শুরু হল তুমুল বিতর্ক। নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। একইসঙ্গে সরব হয়েছে রেলযাত্রী কল্যাণ সমিতিও। নির্বাচনের মুখে ঘটনাকে হাতিয়ার করে দুর্নীতির অভিযোগ তুলে মাঠে নেমেছে তৃণমূল। শুক্রবার সকাল থেকেই স্টেশন চত্বরে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।

অভিযোগ, মাত্র এক মাস আগেই স্টেশনের প্রবেশপথে বসানো হয়েছিল নতুন ফলস সিলিং। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার পরেই সেই সিলিংয়ের একাংশ খসে পড়ে। শুক্রবার সকালে স্টেশনে আসা যাত্রীদের চোখে পড়ে ঘটনাটি। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মাধ্যমে, আর তাতেই শুরু হয় প্রশ্নের ঝড়।
প্রায় দু’বছর আগে ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় বালুরঘাট রেলস্টেশনে একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়। স্টেশনের সামনে রাস্তা চওড়া করা, স্টেশনের ভেতরে এসকালেটর ও লিফট বসানো, সৌন্দর্যায়ন এবং নতুন ভবন নির্মাণ—সব মিলিয়ে বড়সড় সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়। রেল উন্নয়ন সমিতির দাবি, ভবন নির্মাণ ও সফট আপগ্রেডেশন ক্যাটাগরিতে প্রায় ৫ কোটি ২১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু কাজের মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছিলেন স্থানীয়দের একাংশ।
একলাখি–বালুরঘাট রেলযাত্রী কল্যাণ ও সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্মৃতিস্বর রায় বলেন, “ফলস সিলিংগুলো প্লাস্টিকের মতো হালকা উপকরণ দিয়ে বানানো হচ্ছিল। তার উপর শুধু রং করে দেওয়া হয়েছে। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। আমরা আগেই রেলের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। দু’বার পরিদর্শনও হয়েছে, কিন্তু বাস্তবে কোনও পরিবর্তন হয়নি। জনগণের টাকায় এভাবে অপচয় হচ্ছে।

স্টেশনে আসা যাত্রী গৌরাঙ্গ গাইন ও অমিত সরকারের কথায়, “সামান্য ঝড়েই যদি সিলিং খুলে পড়ে, তাহলে কাজের মান কেমন হয়েছে তা স্পষ্ট। এর পিছনে দুর্নীতি না থাকলে এমন হওয়ার কথা নয়। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকী বলেন, “অমৃত ভারত প্রকল্পে কোটি কোটি টাকা খরচের ঢাক পেটানো হচ্ছে। অথচ এক মাসের মধ্যেই সিলিং ভেঙে পড়ছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা নিম্নমানের কাজ হয়েছে। মানুষের টাকা নষ্ট হচ্ছে।

যদিও বিজেপির বালুরঘাট টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তের দাবি, “স্টেশনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। প্রাকৃতিক দুর্যোগের কারণেই ফলস সিলিংয়ের অংশ খুলে পড়েছে। কাজ শেষ হলে সব ঠিক হয়ে যাবে।
তবে যাত্রীদের একাংশের প্রশ্ন, যদি সামান্য ঝড়েই ‘অমৃত’ প্রকল্পের এই দশা হয়, তবে বড় বিপর্যয়ের সময় কী হবে? সেই প্রশ্নেই এখন সরগরম বালুরঘাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *