বালুরঘাট, ৩০ মার্চ —— নিম্নমানের রাস্তার কাজের প্রতিবাদ করায় গ্রামবাসীদের জেলে পোড়ার হুঁশিয়ারি ঠিকাদারের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায়। যদিও পরে গ্রামবাসীরা একত্রিত হতেই এলাকা ছেড়ে পালায় কাজে নিযুক্ত ঠিকাদার। জানা গেছে শিবরামপুর এলাকায় প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে ১১০ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু করেছিল স্থানীয় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত। অভিযোগ যে কাজেই ব্যবহার করা হচ্ছিল অতি নিম্নমানের সামগ্রী। লাল বালি ব্যবহার করবার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের সাদা বালি দিয়েই চলছিল নির্মাণ। শুধু তাই নয় ছয় ইঞ্চি রাস্তা করবার কথা থাকলেও মাত্র তিন ইঞ্চি উচ্চতার রাস্তা নির্মাণ করে ওই ঠিকাদার। নির্ধারিত ১১০ মিটারের জায়গায় ১০০ মিটার রাস্তা নির্মাণ করে এদিন বোর্ড লাগাতে গেলেই ঝামেলার সুত্রপাত ঘটে। সিডিউল অনুযায়ী কাজের দাবি করে ওই বোর্ড লাগাতে বাধা দিতেই গ্রামবাসীদের সাথে বচসা বাধে কাজে নিযুক্ত ঠিকাদারের। আর এরপরেই গ্রামবাসীদের জেলে পুড়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ওই অভিযুক্ত ঠিকাদার। যদিও পরবর্তীতে সঠিক রাস্তা নির্মানের দাবি নিয়ে অনড় থাকা বাসিন্দারা একত্রিতভাবে এর প্রতিবাদ করতেই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই অভিযুক্ত ঠিকাদার বলেও অভিযোগ।
এলাকার বাসিন্দা অজিত পাহান, কবিতা তিরকি ও মঞ্জিত পাহানরা বলেন, সঠিক রাস্তা নির্মান না হলে তারা বোর্ড লাগাতে দেবেন না ঠিকাদারকে। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে, কোন সরকারি নিয়মই মানা হয়নি। ঘটানার প্রতিবাদ করায় তাদের জেলে পুড়বার হুঁশিয়ারি দিয়েছেন ওই ঠিকাদার
ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মুকুল মুরমু বলেন, এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখেই এব্যাপারে কথা বলতে পারবেন।

