, ২৫ সেপ্টেম্বর ——– ফুঁসছে শ্রীমতি! লাগাতার বর্ষণে জলপ্লাবিত হরিরামপুর ব্লক। জলের তলায় হরিরামপুর গ্রামীণ হাসপাতাল। চরম দুর্ভোগে রোগী ও তার বাড়ির লোকেরা। শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিস্তৃর্ণ এলাকা। বিশেষ করে ওই ব্লকের গোকর্ণ, সৈয়দপুর, বাগিচাপুর, শিরষি সহ প্রায় চার থেকে পাচটি গ্রামের কয়েক হাজার মানুষ জলবন্দী হয়ে পড়ে রয়েছে। ঘরছাড়াও হয়ে রয়েছেন ওইসমস্ত এলাকার বেশকিছু পরিবার। জলের তলায় রয়েছে এলাকার কয়েকশো একর আবাদি জমিও। ঘটনার জেরে শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ওই সমস্ত এলাকার। এদিকে রবিবার থেকে প্রত্যন্ত এলাকার একমাত্র সরকারী গ্রামীণ হাসপাতাল জলে ডুবে থাকায় চরম বিপাকে পড়েছেন রোগী ও তার বাড়ির লোকেরা। বেকায়দায় পড়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও অনান্য স্বাস্থ্য কর্মীরা। আর যার জেরে কার্যত বন্ধ হয়ে রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবাও। প্রাথমিক চিকিৎসা পরিষেবার জন্য স্থানীয় হাইস্কুলে জরুরী কালীন ভিত্তিতে কিছু স্বাস্থ্য কর্মীদের নামানো হলেও অধিকাংশ রোগীদেরই অন্যত্র রেফার করছে চিকিৎসকরা। আর যে কারনেই চরম সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিবারের লোকেরা। জলপ্লাবিত এলাকা থেকে অন্যত্র চিকিৎসার জন্য কিভাবে যাবেন এই দুশ্চিন্তায় কার্যত ঘুম উড়েছে রোগী ও তার বাড়ির লোকেদের। এদিকে জলপ্লাবিত এলাকায় পর্যাপ্ত ত্রান না মেলায় প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভের সুর বাসিন্দাদের গলায়।

