ফের পাহাড়ে প্রবল বৃষ্টি — দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা, বাড়ছে আশঙ্কা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি :————–—- উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টিতে ফের বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং জেলার দুধিয়া এলাকার বালাসন খোলার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে সম্প্রতি চালু হওয়া বিকল্প হিউম পাইপ সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকলে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প হিউম পাইপ সেতুটি তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছিল। গত ৫ অক্টোবর পুরনো দুধিয়া সেতুটি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল ওই রাস্তাটি। নতুন সেতু চালুর পর ফের স্বাভাবিক হতে শুরু করেছিল পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা। তবে প্রবল বর্ষণে আবারও সেই পথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বালাসন খোলার জলে স্রোত বৃদ্ধি পেয়েছে, আর সেতুর নীচে জলের উচ্চতা দ্রুত বাড়ছে বলে জানা গেছে। প্রশাসন ইতিমধ্যে এলাকায় নজরদারি জোরদার করেছে এবং সেতুর দু’প্রান্তে ট্রাফিক পুলিশের মোতায়েন করা হয়েছে।

গাড়ি চালক ও স্থানীয়দের সতর্ক থাকার বার্তা দিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। প্রবল স্রোতের কারণে রাতে ওই রুটে ভারী যান চলাচল সাময়িকভাবে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদেরও আবহাওয়া ও রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে আপডেট জেনে তবেই যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে।

অবিরাম বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পাহাড়ের বেশ কিছু অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *