বিজেপিতে ভাঙন! গঙ্গারামপুরে বিদ্রোহীর নির্দল লড়াই, ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির

উত্তরবঙ্গ কলকাতা দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

বালুরঘাট, ৬ এপ্রিল —- গঙ্গারামপুর বিধানসভায় প্রার্থী ঘোষণাকে ঘিরে বিজেপির অন্দরেই ফুঁসতে থাকা ক্ষোভ অবশেষে প্রকাশ্যে এল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিজেপির প্রাক্তন শক্তিকেন্দ্র প্রমুখ তথা এসসি মোর্চার নেতা চিত্তরঞ্জন বর্মন। সোমবার, নমিনেশন পর্বের শেষদিনেই এই পদক্ষেপ রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তপনের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের সালাশ এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দীর্ঘদিন ধরেই এলাকায় বিজেপির সংগঠনের মুখ হিসেবে পরিচিত। তাঁর দাবি, নিচুতলার কর্মীদের কথা বারবার উপেক্ষিত হয়েছে। উপরমহলের নেতৃত্বের কাছে সেই ক্ষোভ কোনওভাবেই পৌঁছায়নি। প্রায় একমাস আগেই দলের বিরুদ্ধে অসন্তোষ জানিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপর স্থানীয় সমর্থকদের চাপে নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামার সিদ্ধান্ত।
চিত্তরঞ্জনের কথায়, দলের সাধারণ কর্মীদের মতামতের কোনও মূল্য নেই। বহু বিজেপি সমর্থক আমার পাশে রয়েছেন। তাঁদের দাবি মেনেই নির্দল হিসেবে লড়াইয়ে নামলাম। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আত্মবিশ্বাসী।

তবে এই বিদ্রোহী প্রার্থীর উত্থানকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। তাঁর অভিযোগ, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। টাকা দিয়ে এসব করানো হচ্ছে। মানুষ সব বোঝে, আমাকেই বিপুল ভোটে জয়ী করবে।

অন্যদিকে, বিজেপির এই অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের প্রার্থী গৌতম দাস বলেন, কে নির্দল দাঁড়াল, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। সত্যেনবাবুর অভিযোগ ভিত্তিহীন। নিজের দলের লোকজনকে সামলাতে না পেরে এখন অজুহাত খুঁজছেন।

ভোটের মুখে গঙ্গারামপুরে বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। একদিকে বিদ্রোহী প্রার্থী, অন্যদিকে পাল্টা অভিযোগ—সব মিলিয়ে এই কেন্দ্রের লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *