পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ জুন ————- রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে তিন মাসেরও বেশি সময় ধরব উপাচার্য বিহীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। রেজাল্ট আটকে পড়ুয়াদের। ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে ধর্ণায় বসলেন কয়েকশো পড়ুয়া। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে।বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় উপাচার্য না থাকায় রেজাল্ট আটকে যাওয়া সহ একাধিক সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। যে অচলাবস্থার বিষয় একাধিকবার উচ্চশিক্ষা দপ্তর ও রাজভবনে জানানো হলেও কোন পদক্ষেপই নেওয়া হয়নি। আর এরই প্রতিবাদে এদিন অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন কলেজ পড়ুয়ারা। উল্লেখ্য, চলতি বছরের ১৪ মার্চ থেকে হাইকোর্টের নির্দেশে উপাচার্যের পদ থেকে সরানো হয় সঞ্চারি রায় মুখ্যোপাধ্যায়কে। তারপর থেকেই বিশ্ববিদ্যালয় নেই কোন স্থায়ী উপাচার্য৷ আর এর জেরেই চরম ভোগান্তিতে পড়ছে কলেজ পড়ুয়ারা।
লোপামুদ্রা দত্ত নামে এক আন্দোলনরত ছাত্রী বলেন, যেকোন কারনেই যদি এখন তাদের ধর্নায় বসতে হয় তাহলে তারা কোথায় যাবেন। উপাচার্য বিহীন বিশ্ববিদ্যালয় কিভাবে চলে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন সকল পড়ুয়ারা। বাধ্য হয়েই এভবে ধর্নায় বসেছেন তারা।
রেজিস্ট্রার পঙ্কজ কুন্ডু বলেন, বিষয়টি নিয়ে তারাও অন্ধকারে রয়েছেন। তবে আশা করছেন খুব তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।

