জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল দীর্ঘদিন আগে।
এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি রামপুর থানাকে অন্যত্র স্থানান্তরিত করার চক্রান্ত চলছে।
ঘটনার প্রতিবাদে গত বুধবার রামপুর থানা রক্ষা কমিটি গঠন করা হয়েছে।
এদিন সেই রামপুর থানা রক্ষা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল রামপুর পুলিশ ফাঁড়িতে।
প্রথমে শতাধিক মানুষ রামপুর পুলিশ ফাঁড়ির সামনে জমায়েত হন এবং নিজেদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর কয়েকজনের একটি প্রতিনিধি দল রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্যাট্রিক কেরকেটার হাতে ডেপুটেশন পত্র তুলে দেন। রামপুর পুলিশ ফাঁড়িকে অবিলম্বে রামপুর থানা করা এবং চক্রান্ত করে রামপুর থানাকে অন্যত্র স্থানান্তরিত যাতে না করা হয় সেই দাবিতে মূলত এদিনের এই ডেপুটেশন। এই ডেপুটেশনের মাধ্যমে মূলত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবিষয়ে অবগত করা হয়েছে বলে জানান রামপুর থানা রক্ষা কমিটির সদস্যরা।
দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কমিটির সদস্যরা।

