জেলার শিশু এবং অন্তঃস্বত্ত্বা মায়েদের ভ্যাকসিনের আওতায় আনতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। তাই নিয়মিত টিকাকরণ কর্মসূচি বহির্ভূত বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এক রকম দুয়ারে সরকারের ধাঁচে শুরু হয়েছে কর্মসূচি ‘ইন্টেসিফাইড মিশন ইন্দ্রধনুষ’। শহর থেকে প্রত্যন্ত গ্রামে খোলা হচ্ছে অস্থায়ী ভ্যাকসিনেশন ক্যাম্প। নিয়ম করে মাসে ৬ দিন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পৌঁছে যাচ্ছেন বিভিন্ন এলাকায়। সেই সমস্ত এলাকায় যেখানে অন্তঃস্বত্ত্বা মা অথবা সদ্যোজাত শিশুরা টিকা নেননি, তাঁদের কাছে। প্রশাসনের লক্ষ্য একশো শতাংশ শিশু এবং মাকে টিকার আওতায় আনা। ৭ অগাষ্ট থেকে ১২ অগাষ্ট পর্যন্ত প্রথম রাউন্ডের মিশন ইন্দ্রধনুষ প্রথম রাউন্ড করা হয়েছে। এবারে মিশন ইন্দ্রধনুষ সেকেন্ড রাউন্ডের ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করা হলো রশিদপুর গ্রামীণ হাসপাতালে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও মানবেন্দ্র সাহা , পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ , রশিদপুর গ্রামীণ হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল রাজ্জাক দালাল, সাব সেন্টারের কর্মী সহ অন্যান্য অধিকারীকরা।
এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ ও মেডিকেল অফিসার আব্দুল রাজ্জাক দালাল জানিয়েছেন জিরো থেকে পাঁচ বছরের বাচ্চাদের মিশন ইন্দ্রধনুষ সেকেন্ড রাউন্ডের ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হলো আজকে থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। আমরা সেখানে উপস্থিত ছিলাম।

