||সম্প্রীতির বোল্লা মায়ের পুজো রায়গঞ্জ ব্লকে||

প্রথম পাতা

রায়গঞ্জ:—-  একদিকে যখন দেশজুড়ে চলছে ধর্মের হানাহানি ঠিক সেসময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে। ছাতিয়ান মালঞ্চা গ্রামের বোল্লা কালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল। ইতিমধ্যে শুরু হয়ে গেছে মূর্তি গড়ার কাজ। ধর্ম যার যার উৎসব সবার কথাটির যথার্থতা লক্ষ্য করা যায় এই পুজোয়। পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেন ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড় তাই কোন ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয়। এমনকি শুধু এই পুজো নয়, এলাকার যেকোন অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একযোগে কাজ করেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয়, তাই ধর্ম নয় সকলের মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানান ছয় বছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে। প্রত্যন্ত গ্রামে বোল্লা মায়ের পুজো করার কারণ হিসেবে তিনি বলেন ঈশ্বর সবজায়গায় বিরাজমান কিন্তু বোল্লা মায়ের দর্শন করতে অনেকে অতদূর যেতে পারেন না, বিশেষত তাদের কথা মাথায় রেখেই এই পুজো শুরু করা হয়। বিরঘই, বড়ুয়া সহ রায়গঞ্জ ও আরো বিভিন্ন জায়গায় লোক আসেন এই পুজো দেখতে বলে জানিয়েছেন তিনি। পুজোর পাশাপাশি তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ ও ভাওয়াইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবারে আরো বেশি সংখ্যক মানুষ আসবেন বলে আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *