বালুরঘাট, ৩ সেপ্টেম্বর —– সীমান্তবর্তী জনপদে ফুটবল মানেই উৎসব। বুধবার হিলির ধলপাড়া হাইস্কুল মাঠে ঠিক সেই ছবিই দেখা গেল। আট দলীয় ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই এলাকার মানুষ ভিড় জমালেন মাঠে। ত্রিমোহিনী আদিবাসী যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য একটাই— যুব সমাজকে নেশার ছোবল থেকে দূরে সরিয়ে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা সুস্থ সমাজ।
দিনভর টানটান উত্তেজনার মধ্যে ফাইনালে মুখোমুখি হয় হিলি এসটি একাদশ ও ভবানীপুর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে জয় ছিনিয়ে নেয় ভবানীপুর একাদশ। উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা। বিজয়ী দলকে ২৫ হাজার টাকার চেক এবং ট্রফি প্রদান করা হয়। রানার্স হিলি এসটি একাদশকেও তুলে দেওয়া হয় ২০ হাজার টাকার পুরস্কার ও ট্রফি।
পুরস্কার বিতরণী মঞ্চে আবেগঘন বার্তা শোনা গেল আয়োজকদের মুখে। ক্লাব সম্পাদক রবীন মুর্মু বলেন, “খেলাধুলা মানুষকে এক করে, নেশার অন্ধকার থেকে দূরে রাখে। যুব সমাজকে সচেতন করতেই প্রতিবছর আমরা এই আয়োজন করি।”
দিনের শেষে খেলা শেষ হলেও হিলির মানুষের মনে রয়ে গেল এক অন্যরকম উচ্ছ্বাস— খেলায় হারজিতের বাইরে দাঁড়িয়ে যে বার্তা ছড়িয়ে গেল তা হলো, ফুটবলই পারে সমাজকে গড়তে নতুন আলোয়।

