দক্ষিণ দিনাজপুর;— জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হল। রবিবার সকালে গঙ্গারামপুর বিধানসভার ১নম্বর রামপাড়া-চেচড়া গ্রাম পঞ্চায়েতের কসবাবাটর গ্রাম সংসদের ধূমপাড়া এলাকার প্রায় ৪৫টি পরিবারের বিজেপি সমর্থক মোট ১৮০জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
এদিন তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকাএই পরিবারগুলির সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন।সেই প্রেক্ষিতেই রবিবার তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
এপ্রসঙ্গে তৃণমূল প্রার্থী গৌতম দাস বলেন, “বিজেপি ভাঙানোর রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যারা আগে বিজেপি করতেন, তারা নিজেরাই উন্নয়নের স্বার্থে আমাদের দলে যোগ দিতে চেয়েছেন। আমরা শুধু তাঁদের সাদরে গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “মানুষ উন্নয়নের সঙ্গেই থাকতে চাইছেন। সেই কারণেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এর ফলে এলাকায় আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে।”
দলবদলকারী এক বিজেপি সমর্থক জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে চাই। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম।”
এই যোগদানকে কেন্দ্র করে গঙ্গারামপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনের আগে এই দলবদল যে স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।

