৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা গঙ্গারামপুরে — মাঠ পরিদর্শনে কর্মকর্তারা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট, ২৮ নভেম্বর :২০২২ সালের পর আবারও দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গারামপুরে। আগামী ২০২৬ সালের ৮ থেকে ১৪ জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে ৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। এবারের বইমেলাকে কেন্দ্র করে শুক্রবার মেলার স্থান পরিদর্শনে আসেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস, গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষালসহ অন্যান্য প্রশাসনিক প্রতিনিধি।
প্রায় তিন বছর পরে গঙ্গারামপুরে ফের বইমেলা ফিরতে চলায় শহরের মানুষজন ব্যাপক উৎসাহিত বলে জানান পুরসভার চেয়ারম্যান।
৮০টি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, কলকাতা থেকে বিশেষ স্টল
জেলা গ্রন্থাগার আধিকারিক সূত্রে জানা যায়, এ বছর বইমেলায় প্রায় ৮০টির মতো স্টল থাকবে। লিটিল ম্যাগাজিন, কবি–সাহিত্যিকদের আসর, প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে এক বর্ণময় আয়োজন হতে চলেছে এবারের বইমেলা। কলকাতা থেকেও নামী প্রকাশনা সংস্থার স্টল আসার কথা নিশ্চিত করেছেন গ্রন্থাগার আধিকারিক।
বাংলাদেশের সঙ্গে বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে অন্তত দুইটি স্টল আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও তিনি জানান।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর বইমেলার স্থান হিসেবে গঙ্গারামপুর ফুটবল ময়দানকে বেছে নেওয়া হয়েছে। মেলার মাঠ পরিদর্শনের পর আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন—“৩০তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে আজ মাঠ পরিদর্শন করা হল। বিগত দিনে যেভাবে আমরা মেলা পরিচালনা করেছিলাম, ঠিক সেইভাবেই এবারও বইমেলাটি সুষ্ঠুভাবে আয়োজন করা হবে। ৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে এবং গঙ্গারামপুরের মানুষ, বিশেষত ছাত্র–ছাত্রী ও বইপ্রেমীরা এতে ভীষণ খুশি।”
জেলা গ্রন্থাগার আধিকারিকের
দেবব্রত কুমার দাস জানান,
“এবার প্রায় ৮০টি স্টল থাকবে। প্রতিবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান, লিটিল ম্যাগাজিন সেশন, সাহিত্যিকদের মিলনমেলা—সবই থাকবে। কলকাতা থেকে ভাল স্টল আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে দু’টি স্টল আনার প্রয়াস চলছে। মাঠ দেখে খুব ভালো লেগেছে।”
স্থানীয় সাহিত্যিকদের উৎসাহ
গঙ্গারামপুরের বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক জয়ন্ত আচার্য জানান—
“কয়েক বছর পর গঙ্গারামপুরে আবার বইমেলা হতে চলেছে—এটা অত্যন্ত আনন্দের। বইমেলায় জেলার সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করবে। পাশাপাশি দাবি রাখছি, সরকারি উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে প্রতিটি ব্লকে বেসরকারি উদ্যোগেও বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলা আয়োজন হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *