বালুরঘাট, ১৯ অক্টোবর: বিজয়া দশমীর আনন্দকে কেন্দ্র করে বালুরঘাট হাইস্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ বিজয়া সম্মিলনী। বস্ত্র বিতরণ, মিষ্টিমুখ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সজ্জিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। শনিবার বিকেলে এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বুনিয়াদপুর পুরপ্রশাসক কমল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ।এদিনের এই বিজয়া সম্মিলনী থেকে বেশকিছু দুস্থ মহিলাদের হাতে বস্ত্র বিতরণ করা হয়, যা তাদের উৎসাহিত করে এবং সামাজিক একতার বার্তা দেয়। এছাড়াও স্থানীয় মহিলারা নাচ-গানের মাধ্যমে নিজেদের সাংস্কৃতিক দক্ষতা প্রদর্শন করেন, যার মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয় শহরের হাইস্কুল মাঠে। যে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহিলা তৃণমূল নেত্রী স্নেহলতা হেমব্রম বলেন, রাজ্য তৃণমূলের নির্দেশনা অনুযায়ী এই বিজয়া সম্মিলনীর আয়োজন। যার মূল লক্ষ্য মহিলাদের মধ্যে সৌহার্দ্য ও সংহতির বন্ধনকে আরও শক্তিশালী করা।

