গঙ্গারামপুর, ২৭ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর
কর্মসংস্থান ও পেশাগত পরামর্শ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তনীদের পুনর্মিলন—তিনের মেলবন্ধনে জমজমাট হয়ে উঠল গঙ্গারামপুর কলেজ। রবিবার দুপুর ১টা নাগাদ কলেজের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের প্রাক্তনী সমিতির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ি, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা, বন দপ্তরের আধিকারিক, অধ্যাপক দীপঙ্কর মিশ্র, প্রাক্তনী সমিতির সম্পাদক রাজু চৌধুরি, অনুষ্ঠানের কর্মকর্তা রাজর্ষি চৌধুরি-সহ অন্যান্য বিশিষ্টজন।
এদিনের অনুষ্ঠানে কলেজের ইংরেজি বিভাগের বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের মধ্যে মিলন ঘটে। কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে কীভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের কী কী সুযোগ রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েও বর্তমান পড়ুয়াদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, আবৃত্তি-সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কলেজের বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীরা। দীর্ঘদিন পর কলেজে ফিরে এসে পুরনো বন্ধু, সহপাঠী ও পরিচিতদের সঙ্গে দেখা হওয়ায় প্রাক্তনীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দের পরিবেশ। স্মৃতিচারণের পাশাপাশি চলে মিলন ও আড্ডাও।
প্রাক্তনী সমিতির বক্তব্য: বর্তমান পড়ুয়াদের সঙ্গে প্রাক্তনীদের যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং কর্মজীবনে প্রাক্তনীদের অর্জিত অভিজ্ঞতা ও পরামর্শ বর্তমান প্রজন্মের পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শুধু পুনর্মিলন নয়, পড়ুয়াদের কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও পেশাগত ভবিষ্যৎ নিয়েও দিশা দেখাতে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

