১৫ দফা দাবি নিয়ে তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভায় ডেপুটেশন দিল সিপিএম। মঙ্গলবার দুপুরে সুকান্ত মোড় থেকে সিপিএমের উত্তর লোকাল কমিটির ব্যানারে লালঝাণ্ডা হাতে কালিবাড়ি মোড় দিয়ে পুরসভায় পৌঁছায় মিছিল। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে সিপিএমের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেন পুরপ্রধান রামনিবাস সাহার সঙ্গে। দেবাশীষ পাট্টাদার, দ্বীগেন রায়, জ্যোতি ভদ্র, স্বপ্না সমাজদার, অয়ন দত্ত, রাম সাহার মতো নেতৃত্ব পুরপ্রধানের হাতে দাবিপত্র তুলে দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানায়।
এদিন কালিয়াগঞ্জ পুরসভায় সিপিএমের ডেপুটেশনে দাবিগুলোর অন্যতম ছিল, পৌর এলাকার প্রায় সমস্ত রাস্তাই চলাচলের অযোগ্য। সম্প্রতি, যে সকল রাস্তা হয়েছে, ছয়মাস যেতে না যেতেই নিম্নমানের কাজের দরুন খানাখন্দে ভড়ে গেছে। রাস্তাগুলো অবিলম্বে মেরামত করে নাগরিকদের চলাচলের যোগ্য করতে হবে। জল নিকাশির জন্য সঠিক পরিকল্পনা করতে হবে। অবৈধ ভাবে পৌর এলাকার পুকুর, জলাশয় ভরাট বন্ধ করতে হবে। আবাস যোজনার ঘরের টাকা কয়েকবছরেও পরিশোধ করা হচ্ছে না কেন। প্রতিদিন জঞ্জাল সাফাই করতে হবে।

