গঙ্গারামপুর, ১৬ এপ্রিলঃ— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় শ্রী গৌতম দাস। বুধবার তিনি এক অভিনব উদ্যোগে নিজের গ্রামেই টোটো চালিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালান। প্রার্থীর এই ব্যতিক্রমী প্রচার ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি অনন্য নজির তৈরি হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও অভাব-অভিযোগ শোনেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। প্রার্থীর এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার প্রচেষ্টা দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা জাগায়। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের একাধিক নেতৃত্ব এবং কর্মীবৃন্দ।
অন্যদিকে, একই দিনে বেলবাড়ি অঞ্চলে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে গৌতম দাস জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান। পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে দলীয় শক্তির প্রমাণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এই পথসভাতেও ব্লক ও অঞ্চলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে গঙ্গারামপুর বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রচার ক্রমশ গতি পাচ্ছে, আর প্রার্থীর এই জনসংযোগমূলক কর্মসূচি ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

