বালুরঘাট, ৪ ডিসেম্বর ———- বালুরঘাট শহরের থানা মোড়ে মধ্যরাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল আস্ত যাত্রী প্রতীক্ষালয়। জেলা প্রশাসনিক ভবন ও থানার নাকের ডগায় ঘটে যাওয়া এই ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির মাত্রা যথেষ্টই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে হঠাৎই প্রতীক্ষালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রাথমিক তদন্তে দমকল অনুমান করছে, ঘটনাটি সম্ভবত শটসার্কিটের কারণে ঘটেছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ ভবঘুরেদের আনাগোনা এবং অসতর্ক আচরণকেও সন্দেহের তালিকায় রেখেছে। বুধবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরের অফিসপাড়ায়। কালেক্টরী অফিসের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে এমন দুর্ঘটনা নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলেছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জনবহুল এলাকায় প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমরা দ্রুত প্রতীক্ষালয়টি পুনর্নির্মাণ করব। পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
এই ঘটনার পর থানা মোড় এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। পাশাপাশি, দমকল বিভাগও আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

