বালুরঘাট ১০ জুন দক্ষিণ দিনাজপুর।স্কুলের পাশেই গড়ে ওঠা মদের আসর বন্ধের দাবিতে সরব হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ দেবীপুর গ্রামের মহিলারা।বুধবার তাঁরা দলবদ্ধভাবে গঙ্গারামপুর থানায় পৌঁছে বিক্ষোভ দেখান এবং পুলিশের হাতে একটি লিখিত অভিযোগ জমা দেন।
তাদের অভিযোগ, এলাকার বহু পুরুষ শ্রমের উপার্জনের বড় অংশ মদের পেছনে খরচ করায় পরিবারগুলি চরম আর্থিক সংকটে পড়ছে। এর জেরে সন্তানদের পড়াশোনা, সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ এবং পারিবারিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মহিলাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ।
এলাকার বাসিন্দা অন্নাবলা রায় ও ঊষা রায়েরা অভিযোগ করে বলেন,” দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি সহ্য করার পর সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের স্বার্থে তাঁরা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, স্কুল সংলগ্ন এলাকায় চলা সমস্ত অবৈধ মদের ভাটি ও বেআইনি কারবার অবিলম্বে বন্ধ করতে হবে।”
পুলিশ জানিয়েছে, মহিলাদের অভিযোগপত্র গ্রহণ করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

