বালুরঘাট ১০ জুন দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকায় পুনর্ভবা নদীর উপর একটি বিকল্প সেতু নির্মাণের উদ্যোগে বুধবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তাঁর সঙ্গে ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ পুরকায়েত-সহ অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শনের পর বিধায়ক জানান, প্রস্তাবিত সেতু নির্মাণে প্রায় ৫০কোটি টাকা ব্যয় হতে পারে। তিনি আশ্বাস দেন, রাজ্যে নতুন সরকারের প্রথম বাজেটেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করা হবে। তাঁর দাবি, সেতুটি তৈরি হলে পুরসভার ৪টি ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি বড়বাজার,কালিতলা, নয়াবাজার এলাকার ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
এদিন ৭নম্বর ওয়ার্ডের একটি জরাজীর্ণ কালভার্টও পরিদর্শন করেন বিধায়ক। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘‘খুব শীঘ্রই কাজ শুরু হবে।’’ প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

