বালুরঘাট, ২২ সেপ্টেম্বর —— দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালুরঘাটে ক্রেতা সুরক্ষা দপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার দুপুরে এই অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ প্রশাসনের অন্যান্য কর্তারা।
এতদিন শহরের একটি ভাড়া বাড়িতেই চলছিল দপ্তরের কার্যক্রম। অথচ এর সঙ্গে সংযুক্ত আরও তিনটি দপ্তরের কাজকর্মও সেখানেই পরিচালিত হত। ফলে অপ্রতুল জায়গার কারণে কার্যত নাজেহাল অবস্থার মুখে পড়েছিলেন কর্মী থেকে সাধারণ মানুষ—সবাই। বহুদিন ধরেই তাই দাবি উঠছিল, এই দপ্তরের একটি নিজস্ব ভবন হোক।
অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল নতুন ভবনের যাত্রা। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবন তৈরি হলে প্রশাসনিক কাজকর্ম আরও গতি পাবে বলেই আশা প্রকাশ করেছে মন্ত্রী। একইসঙ্গে পরিষেবা পেতে সুবিধা হবে জেলার সাধারণ মানুষেরও বলে জানিয়েছেন বিপ্লব মিত্র।

