বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারী —– নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ ইন্সপেক্টর। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপিনগর বিওপিতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আধিকারিকের নাম রাকেশ শর্মা, তিনি ২৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।
এদিন ক্যাম্পের ঘরের ভিতরেই নিজের মাথায় গুলি করেন তিনি। গুলির শব্দ শুনে সহকর্মীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। যে খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন ওই আধিকারিক। তবে বিএসএফ কর্তৃপক্ষ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। ঘটনার পর সীমান্ত জুড়ে নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।

