মৃত্যুর মুখে পা বাড়িয়েও জীবন বাঁচল বৃদ্ধার! ট্রেন আসার আগেই ঝাঁপিয়ে পড়ে তুলে আনলেন স্থানীয়রা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

বালুরঘাট, ১৩ মার্চ — আর কয়েক মুহূর্ত দেরি হলেই হয়তো মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকতে হত স্টেশন চত্বরকে। রেললাইনে মাথা রেখে শুয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধা। কিন্তু স্থানীয়দের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেল একটি জীবন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বালুরঘাট রেলস্টেশনের ক্রসিং সংলগ্ন এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম দেবী কুন্ডু। বাড়ি বালুরঘাটের জেলা পরিষদ সংলগ্ন এলাকায় হলেও বর্তমানে তপনের গৌড় গোসাই আশ্রমেই থাকেন তিনি। বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
স্থানীয়দের দাবি, বিকেলের দিকে আচমকাই রেললাইনের উপর মাথা রেখে শুয়ে পড়েন বৃদ্ধা। বিষয়টি নজরে আসতেই কয়েকজন স্থানীয় বাসিন্দা আর দেরি না করে ছুটে যান লাইনের দিকে। মুহূর্তের মধ্যে তাঁকে রেললাইন থেকে টেনে তুলে নিরাপদে সরিয়ে আনেন।
পরে খবর দেওয়া হয় জি আর পি-কে। ঘটনাস্থলে পৌঁছে বালুরঘাট জি আর পি থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে বেশ কিছুক্ষণ চাঞ্চল্য তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *