দক্ষিণ দিনাজপুরঃ—– ভোট ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলার ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস শহর এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছেন। গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে সামনে রেখেই এই প্রচারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, শহর এলাকায় বিরোধীদের তেমন সক্রিয়তা চোখে পড়ছে না, অন্যদিকে শাসকদলের সভাগুলিতে দেখা যাচ্ছে ব্যাপক জনসমাগম।
ভোট ঘোষণা হওয়ার পর থেকেই গৌতম দাস গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যেই পাঁচটি ওয়ার্ডে ১৫টিরও বেশি সভা করেছেন। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচার, মিছিল সহ একাধিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন তিনি।
শহরের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে দিনভর পথসভা ও মিছিল করে ব্যাপক সাড়া পেয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার রাতে ৫ ও ১৪ নম্বর ওয়ার্ডের ফুটবল মাঠ ও বাঁধমোড় এলাকায় অনুষ্ঠিত হয় বিরাট জনসভা ও প্রচার মিছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী গৌতম দাস ছাড়াও পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, টাউন তৃণমূল সভাপতি কাঞ্চন সেন, এসটি-এসসি-ওবিসি সেলের টাউন সভাপতি বাবু চৌধুরী, মহিলা তৃণমূল সভানেত্রী বিভা ধর সাহা, যুব তৃণমূলের জেলা সহ-সভাপতি কৌশিক সাহা সহ দলের একাধিক নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত মিত্র বলেন,
“উন্নয়নকে সামনে রেখেই আমরা ভোট প্রচারে নেমেছি। মানুষের সমর্থন আমাদের সঙ্গেই রয়েছে। দলীয় প্রার্থী গৌতম দাস বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আমরা আশাবাদী।”
অন্যদিকে গৌতম দাস বলেন,
“গত কয়েকটি নির্বাচনে শহর এলাকার কিছু মানুষ আমাদের দিক থেকে মুখ ফিরিয়েছিলেন। তাই উন্নয়নের খতিয়ান সামনে রেখে আমরা আবার শহরমুখী প্রচারে জোর দিয়েছি। শহরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন বলে আমরা বিশ্বাসী।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহরাঞ্চলে উন্নয়নকে ইস্যু করে তৃণমূল কংগ্রেস যে ভাবে প্রচার জোরদার করেছে, তাতে এই কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে তারা বেশ আত্মবিশ্বাসী।

