হরিরামপুরে কংগ্রেস নেতা-সহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণা ও অপহরণের অভিযোগ অভিযুক্তদের অস্বীকার, তদন্তে পুলিশ | ঠিকাদারের দাবি—টাকা না দিলে কাজ বন্ধ ও প্রাণনাশের হুমকি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

 দক্ষিণ দিনাজপুর:—– দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকায় এক কংগ্রেস নেতা-সহ মোট ১০ জনের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জোরপূর্বক অপহরণ এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী ঠিকাদার অমিত বিশ্বাস জানান, তিনি সম্প্রতি একটি সরকারি প্রকল্পের আওতায় এলইডি স্ট্রিট লাইট বসানোর কাজের বরাত পান। সেই সূত্রেই অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, এরপর থেকেই কংগ্রেস নেতা শুভাশিস পাল-সহ কয়েকজন ব্যক্তি তার কাছে বারবার টাকা দাবি করতে থাকেন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন।
ঠিকাদারের দাবি, গত ২২ মার্চ দুপুরে তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং জোর করে প্রায় ২ লক্ষ টাকা আদায় করা হয়। শুধু তাই নয়, আরও টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই আদায় করা টাকার বিষয়টি তিনি লিখিতভাবে থানায় উল্লেখ করেছেন।
অমিত বিশ্বাস আরও জানান, অভিযুক্তরা নিজেদের প্রভাব খাটিয়ে তাকে ও তার পরিবারকে ভয় দেখাচ্ছেন। পুনরায় টাকা না দিলে তাদের ক্ষতি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা শুভাশিস পাল-সহ অন্যান্য অভিযুক্তরা। শুভাশিস পালের দাবি,“ভোটের আগে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। অভিযোগের কোনও ভিত্তি নেই।পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে।”
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *