দক্ষিণ দিনাজপুরঃ—- বাঙালির আবেগ, ভাষা ও সংস্কৃতিকে সামনে রেখেই দক্ষিণ দিনাজপুর জেলার ৩৯নম্বর বালুরঘাট বিধানসভা আসনে নমিনেশন জমা দিলেন ‘আমরা বাঙালী’ সংগঠনের প্রার্থী নরোত্তম সাহা। শনিবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
জানা গিয়েছে, বালুরঘাটের স্কুলপাড়া এলাকার বাসিন্দা নরোত্তম সাহা দীর্ঘদিন ধরেই বাঙালির স্বার্থরক্ষার দাবিতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।এবার সেই দাবিকেই রাজনৈতিক মঞ্চে তুলে ধরতে নির্বাচনী লড়াইয়ে নামলেন তিনি।
নমিনেশন জমা দেওয়ার পর নরোত্তম সাহা জানান, তাঁর মূল লক্ষ্য বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়া এবং রাজ্যের সমস্ত বাংলা জানা বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি, তিনি বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে দেশীয় পণ্যের প্রসারের উপর জোর দেন। তাঁর দাবি, এতে একদিকে যেমন স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, তেমনই বাঙালির আত্মপরিচয়ও আরও সুদৃঢ় হবে।
তিনি আরও বলেন, “বাঙালির আবেগ ও সংস্কৃতিকে বারবার উপেক্ষা করা হচ্ছে। আমরা চাই, এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হোক।”
নরোত্তম সাহার সমর্থনে এদিন সংগঠনের কর্মী-সমর্থকদের একটি ছোট মিছিলও দেখা যায় বালুরঘাট শহরে। তাদের স্লোগানেও উঠে আসে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার দাবি।
রাজনৈতিক মহলের মতে, মূলত আঞ্চলিক আবেগকে সামনে রেখে এই ধরনের প্রার্থিতা ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। তবে নির্বাচনের প্রাক্কালে এমন ইস্যু যে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, তা বলাই বাহুল্য।

