উত্তর দিনাজপুর,চোপড়া থানা: আলু বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যুতে মঙ্গলবার সকালে চোপড়া থানার দলুয়া মোড় ৩১নং জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি চোপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী যতীন্দ্রনাথ দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জমির কাজের জন্য চোপড়া ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন যতীন্দ্রনাথ দাস। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যাবার পথে দলুয়া মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ির দিক থেকে আসা একটি আলু বোঝাই লরি সজোরে ধাক্কা মারলে লরির চাকায় পিষ্ট হয়ে পড়ে ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সেই ব্যক্তিকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর জখম যতীন্দ্রনাথ দাসকে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে গুরুতর জখম যতীন্দ্রনাথ দাসের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

