তপন,২১ এপ্রিল :———-– তপন ব্লকের প্রত্যন্ত এলাকা শিকারপুর গ্রাম পরিদর্শন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত শিকারপুর গ্রাম। গ্রামটি মূলত আদিবাসী অধ্যুষিত। প্রায় শতাধিক পরিবারের বসবাস। হাতে গোনা কয়েকটি বাড়ি বাদ দিলে প্রায় বাড়ি কাচা। বেশিরভাগ মানুষ শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে থাকেন। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও শিকারপুর গ্রামের রাস্তা পাকা হয়নি। বর্ষাকালে হাটু সমান কাদায় পরিনত হয়। গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে ত্র্যাম্বুলেন্স ঢোকে না। এলাকায় রয়েছে পানীয় জলের কষ্ট। সেই সঙ্গে অনেক বাড়িতে শৌচাগার নেই। ফলে সমস্যায় পড়তে হয় মহিলাদের। এদিন সেই গ্রামে যান জেলা শাসক বিজিন কৃষ্ণা। এদিন জেলা শাসক শিকারপুর গ্রামে পৌচ্ছানোর আগে চোখের আলো প্রকল্পে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে গ্রাম ঘুরে দেখার পাশাপাশি জেলা শাসক শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ে বসে গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি গ্রামের উন্নয়ন নিয়ে কথা বলেন। সেখানে গ্রামবাসীরা জেলা শাসককে পাকা রাস্তা। গ্রামে পথবাতি, পানীয় জল ও শৌচাগারের দাবি করেন। গ্রামবাসীদের দাবি শুনে সমস্ত কিছুর আশ্বাস দেন।এদিন জেলা শাসককের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক শুভাশীষ বেজ,তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ,যুগ্ম বিডিও পরিমল কুমার দাস,জয়ন্ত কুমার পাঠক,রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী রায় প্রমুখ।

