উত্তর দিনাজপুর :———– প্রতিবছর শ্রাবণ ও ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে পঞ্চমী তিথিতে গ্রাম বাংলার ঘরে ঘরে পূজিত হন দেবী মনসা। আর এই মনসা পুজো উপলক্ষে একের পর এক মনসা মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। পুরানে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মা মনসা হলেন সর্প দেবী। প্রধানত গ্রাম বাংলা ও উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পুজো প্রচলিত আছে। সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্প দংশনে প্রতিকার পেতে ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই মনসা পুজো করা হয়। তাই মনসা পূজোকে কেন্দ্র করে প্রতিমার চাহিদা ব্যাপকহারে বেড়েছে। মৃৎশিল্পীরা কাদা মাটি খড় কাঠ সংগ্রহ করে এক মাস আগে থেকে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে রাত অবধি চলছে এই কার্যক্রম। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতেই এই শ্রাবণ মাসে পূজিত হন মনসা দেবী। তাই শিল্পীদের এই সময় দম ফেলারও ফুরসত নেই। দিনরাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে একের পর এক দেবী প্রতিমা। এক প্রতিমা শিল্পী জানান এবারে তাদের প্রতিমা গুলো শুধু আশেপাশের গ্রামে-গঞ্জেই নয় এমনকি বিহার থেকেও বহু অর্ডার এসেছে মনসা প্রতিমা তৈরীর। কালিয়াগঞ্জের কুনোরের হাটপাড়ার প্রতিমা শিল্পীরা জানান তাদের তৈরি প্রতিমা গুলোর মূল্য ৭০০ টাকা থেকে ৫ হাজার টাকার পর্যন্ত। প্রতিমা শিল্পীরা জানান প্রতিমা তৈরি করে রং সম্পূর্ণ হতেই বহু দূর দূর থেকে মানুষ এসে তাদের তৈরি প্রতিমা নিয়ে যাচ্ছে বাড়িতে পুজো করার জন্য।

