পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ সেপ্টেম্বর ——— প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে অভিনবত্ব সুকান্তর। কোন কেক কেটে বা মিষ্টি খাইয়ে নয়, নরেন্দ্র মোদির দীর্ঘাযু কামনা করে বুড়াকালী মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন। আর তা পালনে কোন খামতি রাখেননি সুকান্ত। বালুরঘাট শহরের প্রাচীনতম মন্দির বুড়াকালি মন্দিরে একেবারে সপরিবারে হাজির হয়ে পুজো দেন তিনি। কামনা করেন প্রধানমন্ত্রীর দীর্ঘ আযুর। এদিন সেখানে বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত, মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপি নেতা সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা৷ পুজো শেষে প্রসাদ হিসাবে লাড্ডু বিলি করতেও দেখা গেছে সাংসদ কে।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিনে তার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০২৪ সালে পুনরায় সরকার গঠন হোক এই কামনা করেছেন।

