বিদ্যুৎ দপ্তরের উদাসীনতা! কুমারগঞ্জে টানা পাঁচ দিন ধরে অন্ধকারে ডুবে আস্ত গ্রাম। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের, চলে পুলিশের সাথে ধাক্কাধাক্কিও।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর ———–— বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় টানা পাঁচ দিন ধরে অন্ধকারে ডুবে আস্তগ্রাম। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। ধাক্কাধাক্কি পুলিশের সাথেও। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সমজিয়া এলাকায়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, বিদ্যুৎ না থাকার কারণ জানিয়ে দপ্তরে বারবার ফোন করা হলেও তারা কর্ণপাত করছেন না টানা পাঁচ দিন ধরে। যে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার শতাধিক মহিলারা। জানা যায়, কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসুলপুর নিমতলী গ্রামটি প্রায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিহীন অবস্থায় পড়ে রয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন গ্রামের কয়েকশো পরিবার। একদিকে তীব্র গরম তার উপর সন্ধ্যা লাগতেই অন্ধকারে ডুবে থাকছে গোটা গ্রাম। ঘটনা জানিয়ে কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করা হলেও সেখানকার কর্মীরা কোন কর্নপাত করছেন না বলে অভিযোগ গ্রামের মহিলাদের। এদিন সেই ঘটনার প্রতিবাদেই রাস্তায় বাঁশ ফেলে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামের মহিলারা। যার জেরে বন্ধ হয়ে যায় বালুরঘাট- সমজিয়া রুটের সমস্ত যান চলাচল। সকাল থেকে এই ঘটনার জেরে চরম ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষজনেরা। ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশবাহিনী এলাকায় পৌঁছে অবরোধ তুলতে গেলে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। পুলিশকে ঘেরাও করে মারমুখী হয়ে ওঠেন উত্তেজিত মহিলারা। যদিও পরবর্তীতে অনান্য পুলিশ অফিসারদের আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

বিক্ষোভকারী এক মহিলা রিতা দাস বলেন, উন্নয়নের ছোঁয়া পরেনি তাদের গ্রামে। টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে। সন্ধ্যা লাগতে অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা গ্রাম। সমস্যার কথা জানিয়ে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করা হলেও কোন কর্নপাতই করছেন না দপ্তরের কর্মীরা। যার প্রতিবাদেই এদিন রাস্তায় নেমেছেন তারা।

এলাকার তৃণমূল নেতা সাবের আলী বলেন, প্রায় পাচ- ছয়দিন ধরে ওই গ্রামটিতে বিদ্যুৎ নেই। যার প্রতিবাদেই মহিলারা রাস্তায় নেমেছে। বিদ্যুৎ দপ্তরের উচিত দ্রুততার সাথে গ্রামবাসীদের এই সমস্যার সমাধান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *