মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের জিটিহার মোড়ে শুরু হয় পথ অবরোধ।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, তপন ব্লকের মালঞ্চা অঞ্চলের পেঁয়াজপুকুর গ্রামের বাসিন্দারা এদিন এই পথ অবরোধ শুরু করেন তপন বালুরঘাট রাজ্য সড়কে।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন বাসিন্দারা, পাশাপাশি গ্রামের রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। বিভিন্ন জায়গায় সমস্যার সমাধান করার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে এবং সমস্যা সমাধানের দাবি নিয়ে তাই এদিনের পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ।

