বালুরঘাট,১৪ নভেম্বর —–– বালুরঘাট হাইস্কুল মাঠে বাউন্ডারি ঘেরার কাজ শুরুকে ঘিরে উত্তেজনা। স্থানীয়দের সাথে তুমুল বচসা কাউন্সিলর ও স্কুল কতৃপক্ষের। শুরু হয়েছে এক ফিট জায়গা বাড়ানো নিয়ে বিতর্কও। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট হাইস্কুল মাঠে। জানা গেছে শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শতাব্দী প্রাচীন বালুরঘাট হাইস্কুল মাঠটিকে ঘেরা ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেয় বালুরঘাট পুরসভা ও জেলা প্রশাসন। সরকারি ভাবে প্রায় ১৫ লক্ষ টাকা বরাদ্দও করে জেলা প্রশাসন। এদিন যে ঘেরার কাজ শুরু হতেই স্থানীয়দের সাথে বচসা বাধে স্কুল কতৃপক্ষ ও কাউন্সিলরের। বাসিন্দাদের অভিযোগ, তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা না ছেড়েই মাটি খোড়ার কাজ শুরু করে স্কুল কতৃপক্ষ। যার প্রতিবাদ জানাতেই বচসা শুরু হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করে স্কুল কতৃপক্ষের দাবি, ১১ ফিট জায়গা ছেড়ে দিয়েই তারা মাঠ ঘেরার কাজ শুরু করেছে। তবে এদিন স্কুল কতৃপক্ষের তোলা যে দাবিকে ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কেননা বহু প্রাচীন এই স্কুলের মাঠটিকে ঘেরা ও উন্নয়নের জন্য জেলা প্রশাসন, পুরসভা ও স্কুল কতৃপক্ষকে মিলে ত্রিপাক্ষিকভাবে কাজ করার উদ্যোগ গ্রহণ করে। যেখানে প্রথমে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে ১০ ফিটের রাস্তা ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে সরকারী ওই জমির এক ফিট জায়গা আরো কিভাবে ছেড়ে দেওয়া হল তা নিয়েই উঠেছে প্রশ্ন।
যদিও পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, মাঠ ঘেরার বিষয়ে কিছু লিখিত চুক্তি থাকলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তিনি পুরো পরিস্থিতি জানেন না। তবে তিনি স্থানীয়দের চলাচলের অসুবিধা যাতে না হয়, সেই বিষয়ে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন।
বালুরঘাট হাইস্কুল পরিচালন সমিতির সভাপতি সুভাষ চাকি বলেন, প্রথমে একটু বচসা হলেও পরবর্তীতে তা আলোচনার মাধ্যমে মেটানো হয়েছে। ১১ ফিটের জায়গা ছেড়ে তারা মাঠটি ঘিরছেন। তবে স্থানীয়দের সুবিধার্থে রাস্তার শুরু এবং শেষে ১২ ফিটেরও বেশি চওড়া রাখা হচ্ছে।

