গঙ্গারামপুর ৮সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করল গঙ্গারামপুর ফায়ার ব্রিগেড।মঙ্গলবার গঙ্গারামপুর শহরের ক্ষুদিরাম মার্কেটের সামনে ফায়ার ব্রিগেডের উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এদিন শিবিরে উপস্থিত ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন লাগার বিভিন্ন কারণ এবং আগুনের ধরন অনুযায়ী কীভাবে তা নেভানো যায়, তা হাতেকলমে দেখান।রান্নার গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা দাহ্য পদার্থে আগুন লাগলে কী ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে,সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি আগুন লাগার পর আতঙ্কিত হয়ে ভিড় না করে দ্রুত ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ফায়ার ব্রিগেডের তরফে জানানো হয়েছে যে, অনেক ক্ষেত্রেই আগুন লাগার পর প্রাথমিকভাবে কী পদক্ষেপ করতে হবে, তা না জানার কারণে ছোট আগুনও মুহূর্তের মধ্যে বড় আকার ধারণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে রান্নার সময় গ্যাসের আগুন কিংবা বৈদ্যুতিক আগুন লাগলে জল ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।
ফায়ার ব্রিগেডের আধিকারিকেরা বলেন,“আগুন নেভানোর জন্য আতঙ্কিত না হয়ে সঠিক পদ্ধতি জানা দরকার। সামান্য সচেতনতা এবং সময়মতো সঠিক পদক্ষেপ বড় দুর্ঘটনা এড়াতে পারে। তাই সাধারণ মানুষকে আগুনের বিভিন্ন ধরন সম্পর্কে সচেতন করতেই এই ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে।”
এদিনের শিবিরে ফায়ার ব্রিগেডের আধিকারিক ও কর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সচেতনতা শিবিরকে ঘিরে ক্ষুদিরাম মার্কেট চত্বরে মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

