শনিবার বেলা ১১টা নাগাদ গঙ্গারামপুর ব্লক অফিসের একটি সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ি এবং যুগ্ম বিডিও মুন্সি ফারুক।
এদিনের যুব সংসদ প্রতিযোগিতায় গঙ্গারামপুর ব্লকের মোট আটটি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। সংসদীয় গণতন্ত্রের কার্যপদ্ধতি, আলোচনা, বিতর্ক এবং বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে পড়ুয়ারা নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
বিদ্যালয়ের পড়ুয়ারাই এদিন সংসদ সদস্য ও মন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সংসদীয় পদ্ধতিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বদানের ক্ষমতা এবং বক্তব্য উপস্থাপনের দক্ষতা গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় ছাত্রছাত্রীরা।

