বালুরঘাট, ১ জুন —— নির্বাচনের ময়দান থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম দিনেই মিলল ইতিবাচক সাড়া। সোমবার থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হতেই বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গেল ভিড়ের ছবি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন ঠিকই, কিন্তু তার জন্য গুনতে হয়নি এক টাকাও। হাতে এসেছে ‘জিরো ব্যালেন্স’ টিকিট। আর সেই টিকিট নিয়েই বিনা খরচে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে। প্রথম দিনের এই অভিজ্ঞতায় খুশির ঝলক ধরা পড়েছে মহিলা যাত্রীদের মুখে।
রায়গঞ্জগামী যাত্রী লিপি প্রামাণিক শীল বলেন, “টিকিট কাটতে গিয়ে কোনও টাকা লাগেনি। সরকারের এই উদ্যোগে সাধারণ মহিলাদের অনেক সুবিধা হবে।” বালুরঘাট থেকে কালিয়াগঞ্জগামী রিতা কর্মকারের কথায়, “প্রথমবার বিনামূল্যে বাসে চড়লাম। খুব ভালো লাগছে। এতে সংসারের খরচও কিছুটা বাঁচবে।”
বাসকর্মীদেরও দাবি, পরিষেবা ঘিরে যাত্রীদের উৎসাহ ছিল উল্লেখযোগ্য। বাসের কন্ডাক্টর নির্মল বাড়ুই জানান, “বাসে থাকা সমস্ত মহিলা যাত্রীদের জিরো ব্যালেন্সের টিকিট দেওয়া হয়েছে। বিনা ভাড়ায় যাতায়াত করতে পেরে সকলেই খুশি।”
প্রথম দিনেই মহিলাদের ব্যাপক সাড়া স্পষ্ট করে দিল, নতুন সরকারের এই জনমুখী প্রকল্প রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

