গঙ্গারামপুর ২ অক্টোবর, দক্ষিণ দিনাজপুর।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। শুক্রবার গঙ্গারামপুরে দলের পক্ষ থেকে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
এদিন ‘ভোট চোর জ্ঞানেশ কুমার’ স্লোগানকে সামনে রেখে গঙ্গারামপুর সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বড়বাজার, বাসস্ট্যান্ড-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে চৌপতিতে পৌঁছয়। সেখানে পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সিপিআইএমের নেতাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়েছে। তাঁদের দাবি, কোনও যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে এবং বাদ পড়া নামগুলি দ্রুত ভোটার তালিকায় ফিরিয়ে আনতে হবে।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা তথা জেলা কমিটির সদস্য অচিন্ত্য চক্রবর্তী বলেন,“ভোটার তালিকা থেকে কোনও যোগ্য নাগরিকের নাম বাদ দেওয়া যাবে না। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম দ্রুত পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য শিবতোষ চ্যাটার্জী, অচিন্ত্য চক্রবর্তী, পার্থ সরকার, সুবীর দাস-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

