পতিরামে মধ্যরাতে আগুনের তান্ডব! পুড়ে ছাই তিন দোকান, সর্বস্ব খুইয়ে মাথায় হাত দুই স্টেশনারি ব্যবসায়ীর

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৩ সেপ্টেম্বর —পুজোর মুখে রাতের অন্ধকারে আগুনের গ্রাসে পুড়ে ছাই তিনটি দোকান। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে মাথায় হাত দুই স্টেশনারি ব্যবসায়ীর। শনিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম বাজারে। আগুনে পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার পুজোর মরসুমের মজুত সামগ্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি প্যাথলজি ল্যাবেরও বেশ কিছু জিনিসপত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পতিরাম বাজার এলাকার স্টেশনারি ব্যবসায়ী কাজল হালদারের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কমল হালদারের দোকানে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দুই দোকানে মজুত থাকা স্টেশনারি সামগ্রীর প্রায় সবটাই পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম দমকল কেন্দ্রের দু’টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

পুজোর আগে দোকান ভর্তি করে মাল তুলেছিলেন দুই ব্যবসায়ী। তাঁদের দাবি, আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। আচমকা এই বিপর্যয়ে কার্যত পথে বসার জোগাড় তাঁদের।

এদিকে এই ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে এলাকায় যান তপনের বিধায়ক বুধরাই টুডু। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন তিনি। বিধায়কের আশ্বাস, সরকারি ভাবে কী ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পাশে থাকার বার্তাও দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *