আলিপুরদুয়ার————––পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড ইটখোলা এলাকায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ১৫ ঘণ্টা পর পথ অবরোধ তুলে নিল স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে আলিপুরদুয়ার থানার আইসি অরিন্দম ভট্টাচার্য’র আশ্বাসে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। জানাগেছে গতকাল রাত ১০ টা নাগাদ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড পলাশবাড়ী এলাকার যুবক সুবীর বিশ্বাস এক বন্ধুকে নিয়ে বাইকে করে শুতলিপট্টি এলাক থেকে বাইকে করে বাঁধের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইটখোলা এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রেনিংয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দুই যুবককে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। সুবীর বিশ্বাস এর মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কোচবিহার রেফার করে। অপর যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রেফার করা হয়। জানাযায় আজ সকালে সুবীর বিশ্বাসের মৃত্যু হয়। তবে বাঁধের রাস্তায় স্পিড ব্রেকার না থাকায় একাধিক পথ দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার আশপাশের নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে গতকাল রাত থেকেই ওই বাঁধের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এদিন দুপুর নাগাদ আলিপুরদুয়ার থানার পুলিশ এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিল দ্রুত স্পিড বেকার বসানোর আশ্বাস দিলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ তুলে নেন।

