গঙ্গারামপুর ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর:– মোবাইল গেমে আসক্তির জেরে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়ল পূর্ব মেদিনীপুরের তিন কিশোর।সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি লজ থেকে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ।পরে আইন মেনে তিন কিশোরকে দক্ষিণ দিনাজপুর জেলা শিশু কল্যাণ কমিটি (সিডাব্লিউসি)-র কাছে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন কিশোরের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায়। সোমবার রাতে তারা গঙ্গারামপুর শহরের একটি লজে ঘর ভাড়া নিতে যায়। তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় লজের এক কর্মী বিষয়টি গঙ্গারামপুর থানার আইসিকে ফোনে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে রাতেই তাদের সিডাব্লিউসির হাতে তুলে দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোররা পুলিশকে জানায়,”মোবাইল গেম খেলার মাধ্যমে গঙ্গারামপুরের তিন যুবকের সঙ্গে তাদের পরিচয় হয়েছিল।সেই পরিচয়ের সূত্র ধরেই তারা তাদের সঙ্গে দেখা করতে গঙ্গারামপুরে আসে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল কর্মী বলেন,”ওদের কথাবার্তা ও আচরণ দেখে সন্দেহ হয়েছিল।তাই দেরি না করে পুলিশকে খবর দিই।”
জেলা পুলিশের এক আধিকারিক বলেন,”নাবালকদের রাতে থানায় রাখা যায় না।তাই আইন অনুযায়ী তাদের সিডাব্লিউসি-র কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।”
পুলিশের তরফে জানানো হয়েছে,হোটেল কর্মীর সচেতনতা ও দ্রুত পদক্ষেপের ফলেই তিন কিশোরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কোনও হোটেল বা লজে নাবালক বা সন্দেহজনক পরিস্থিতির খবর মিললে দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।
এই ঘটনায় ফের সামনে এল মোবাইল গেম ও সোশ্যাল প্ল্যাটফর্মে গড়ে ওঠা বন্ধুত্বের ঝুঁকি। অভিভাবকদের মতে, অনলাইনে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিশোর-কিশোরীদের উপর নজরদারি এবং সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

