স্কুল চত্বরে ‘সিঁদুর পরানোর’ ভিডিও ভাইরাল, দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত স্কুল কর্তৃপক্ষের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 বালুরঘাট ৩ জুলাই দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন এক ছাত্রের এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাথমিক তদন্তের পর সংশ্লিষ্ট দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে স্কুল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানা এলাকার একটি বিদ্যালয়ে ওই স্কুলে দু’হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ফলাফলের জন্য এলাকায় সুনাম রয়েছে বিদ্যালয়টির। সেই স্কুলেরই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একাদশ শ্রেণির এক ছাত্র স্কুলের মধ্যেই সপ্তম শ্রেণির এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘিরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ঘটনার তদন্ত শুরু করা হয়। প্রাথমিকভাবে অভিযুক্ত দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের টিআইসি ব্রজেন্দ্রনাথ রায় বলেন, “ঘটনাটি আমাদের নজরের বাইরে ঘটেছে। ভিডিওটি সামনে আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে প্রাথমিকভাবে দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়েছে।”
স্কুলের প্রাক্তন ছাত্র তথা স্থানীয় বাসিন্দা বাপ্পা সূত্রধর বলেন, “এধরনের ঘটনা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক। স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের আরও কড়া নজরদারি প্রয়োজন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।”
জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন,”বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।তবে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *